Print Date & Time : 08 November 2026 Sunday 01:28 am

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেক, আটকে পরেছেন ৫ শতাধিক পর্যটক

image

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে ৫ শতাধিক পর্যটক আটকে পরেছেন। সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় সেতু ও সড়কের দুটি অংশ পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে গত সোম ও মঙ্গলবার সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে যাওয়া পর্যটকরা ঢাকা ও অন্যান্য জেলায় ফিরে আসতে পারছেন না।

আটকে পরা পর্যটকদের বিষয়ে মানবিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিসোর্ট মালিকদের শীর্ষ কর্মকর্তা। তিনি হলেন— সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ।

সভাপতি সুর্পণ দেব বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান— সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং অংশ পানিতে তলিয়ে যাওয়ায় বর্তমানে সাজেক ভ্যালিতে ৫ শতাধিক পর্যটক নিরাপদে অবস্থান করছেন। বৃষ্টিপাত না কমলে এবং সড়ক থেকে পানি নেমে না গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আটকে পরা পর্যটকদের কাছ থেকে রিসোর্ট বা কটেজের কোনো রুম ভাড়া নেওয়া হবে না; তারা শুধু পানির খরচটা দিয়ে সেখানে অবস্থান করতে পারবেন।

সাজেক কটেজ মালিক সমিতি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও যেকোনো জরুরি প্রয়োজনে তারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পানি কমলেই সেনাবাহিনীর সহায়তায় পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

—জা. অর্থনীতি/এলএটি