Print Date & Time : 08 November 2026 Sunday 05:15 pm

৩০ বছরে ৪ হাজার কোটি টাকা ঘুষ নেয়ায় সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

image

আন্তর্জাতিক ডেস্ক: চীনে প্রায় ৩০ বছর ধরে ২২০ কোটি ইউয়ান যা প্রায় ৪ হাজার কোটি টাকা ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের দায়ে সাবেক কর্মকর্তা ইয়াং ইউলিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

৬৯ বছর বয়সী ইয়াং ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেন। অভিযোগ অনুযায়ী, তিনি প্রকৌশল প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর ও অর্থায়নের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনে দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তার বিরুদ্ধে ওঠে।

গত সোমবার চাংঝৌর একটি আদালত রায়ে বলেন, ইয়াংয়ের কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের স্বার্থে বড় ধরনের ক্ষতি করেছে। আদালতের তথ্য অনুযায়ী, তদন্তে তিনি সহযোগিতা করেছেন এবং আদালতে অপরাধ স্বীকার করে অনুশোচনাও প্রকাশ করেছেন। তবে অপরাধের মাত্রা এতটাই গুরুতর যে তার শাস্তি কমানোর সুযোগ নেই।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যদিও সমালোচকদের অভিযোগ, এই অভিযান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনেও ব্যবহৃত হয়েছে।

চীনে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ডের ঘটনা বিরল। এর আগে সাবেক রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানপ্রধান লাই শিয়াওমিন এবং ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংও বড় অঙ্কের ঘুষ ও দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

সূত্র: বিবিসি

জা.অর্থনীতি/এসআই