Print Date & Time : 07 November 2026 Saturday 07:36 am

৫ জেলায় বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

image

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় আগামী ৯ ও ১০ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুই দিনে এসব এলাকায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) চট্টগ্রামের আমবাগানে ২৭৭ মিলিমিটার, বান্দরবানে ২১০ মিলিমিটার, রাঙামাটিতে ১৬৫ মিলিমিটার এবং কক্সবাজারে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ধসের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও সদর উপজেলা, চট্টগ্রামের বাঁশখালী ও সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও সদর উপজেলা এবং রাঙামাটি ও খাগড়াছড়িকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া এসব এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর নদী-ঝিরির কাছাকাছি অবস্থান না করা, পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট ও জরুরি কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই