Print Date & Time : 08 November 2026 Sunday 07:27 am

বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলে দুটি নতুন নদীবন্দর ঘোষণা

image

অনলাইন ডেস্ক: উত্তরাঞ্চলের নৌ-যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে সারিয়াকান্দি ও ধুনট নামে দুটি নতুন নদীবন্দর ঘোষণা করেছে সরকার।

নৌপরিবহন মন্ত্রণালয়ের টি শাখা থেকে ৮ জুলাই জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া জেলার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোর্ট অ্যাক্ট, ১৯০৮-এর বিধান অনুযায়ী দুই বন্দরের সীমানা নির্ধারণ করে সংশ্লিষ্ট এলাকায় আইনের প্রয়োগ কার্যকর করা হয়েছে।

গেজেট অনুযায়ী, সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা দিঘাপাড়া ঘাট থেকে জামথল ঘাট পর্যন্ত এবং দক্ষিণ সীমানা মধুরাপাড়া ঘাট থেকে নারপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে ধুনট নদীবন্দরের উত্তর সীমানা মধুরাপাড়া ঘাট এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণে কাজিপুরের তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী হয়ে ধুনট উপজেলার চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

দুই বন্দরের ক্ষেত্রেই নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরাকালের সর্বোচ্চ পানির সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের সীমানার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় দিঘাপাড়া, কালিতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাটসহ বিদ্যমান খাল ও ঘাট এবং ধুনট নদীবন্দরের আওতায় চন্দনবাইশা, শাহরাবাড়ি ঘাটসহ সংশ্লিষ্ট খাল ও ঘাট অন্তর্ভুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নৌপথ উন্নয়ন, জেটি ও অন্যান্য অবকাঠামো নির্মাণ এবং যাত্রীসেবা নিশ্চিত করার প্রয়োজনে বন্দরসীমার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানের অনুমোদন বা কার্যক্রম থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

জা.অর্থনীতি/এসআই