Print Date & Time : 08 November 2026 Sunday 10:59 am

দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৪

image

আন্তর্জাতিক ডেস্ক: গত দুই দিনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানান, আহতদের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালায়। এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও কাতারের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায় এবং চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার সক্ষমতা কমাতেই এ হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুশেহরসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া ইরানশাহর বিমানবন্দরে হামলায় এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। এর আগের দিনের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর অন্তত নয় সদস্য নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়।

এদিকে, ইরানের বিভিন্ন সেতু ও অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে। পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: বিবিসি

জা.অর্থনীতি/এসআই