অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে চলমান আলোচনার স্বার্থে এ মুহূর্তে সব বিষয় প্রকাশ করা সম্ভব নয়।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বাস করে ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব এবং উভয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে, যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী থাকে।
শামা ওবায়েদ জানান, চুক্তির মেয়াদ শেষ হতে প্রায় ছয় মাস বাকি থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত দল ও কমিটি এ বিষয়ে ভারতের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। আলোচনার অগ্রগতি নিয়ে বিস্তারিত বলতে না পারলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়। এর মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। দুই দেশের মধ্যে থাকা ৫৪টি অভিন্ন নদীসহ বিভিন্ন নদী-সংক্রান্ত বিষয়ে যৌথ নদী কমিশন (জেআরসি) নিয়মিত আলোচনা করে থাকে।
জা.অর্থনীতি/এসআই