Print Date & Time : 08 November 2026 Sunday 08:06 pm

জনশক্তি রপ্তানি বাড়াতে একমত বাংলাদেশ-আলজেরিয়া

image

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে সহযোগিতা বাড়াতে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ওষুধ শিল্প, কৃষি, মৎস্য ও অ্যাকুয়াকালচার, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত সাইদানি জ্বালানি, কৃষি, ওষুধ শিল্প ও জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আলজেরিয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রতিও তার দেশের অঙ্গীকারের কথা জানান।

জা.অর্থনীতি/এসআই