আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার শীর্ষ মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্স যুক্তরাষ্ট্রে আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট বিক্রির মাধ্যমে ২৬.৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। কোম্পানিটি প্রতি এডিআর-এর মূল্য ১৪৯ ডলার নির্ধারণ করেছে এবং শুক্রবার থেকে নাসডাকে টিকার প্রতীকে লেনদেন শুরু হয়।
কোম্পানির এই শেয়ার বিক্রির প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অফার করা শেয়ারের তুলনায় চাহিদা ছিল সাত গুণেরও বেশি।
সংগৃহীত অর্থ নতুন কারখানা নির্মাণ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে ব্যয় করা হবে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত হাই-ব্যান্ডউইথ মেমোরি চিপের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়।
বর্তমানে এসকে হাইনিক্স এআই প্রসেসরে ব্যবহৃত এইচবিএম চিপের অন্যতম প্রধান সরবরাহকারী এবং এনভিডিয়া-এর গুরুত্বপূর্ণ অংশীদার। সম্প্রতি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, এআই খাতের শক্তিশালী চাহিদার কারণে মেমোরি চিপের সংকট আরও কয়েক বছর অব্যাহত থাকতে পারে এবং এসকে হাইনিক্স তাদের সবচেয়ে বড় অংশীদার হিসেবেই থাকবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তালিকাভুক্তির ফলে এসকে হাইনিক্স-এর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো সহজ হবে এবং মার্কিন প্রতিদ্বন্দ্বী মাইক্রন-এর সঙ্গে মূল্যায়নের ব্যবধানও কিছুটা কমতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শেয়ারে কিছুটা চাপ থাকলেও গত এক বছরে এসকে হাইনিক্স-এর শেয়ারের দাম প্রায় ৬৮০ শতাংশ বেড়েছে। একই সময়ে কোম্পানির আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এআই খাতে শক্তিশালী চাহিদারই প্রতিফলন।
যুক্তরাষ্ট্রে এডিআর ইস্যুর আন্ডাররাইটার হিসেবে কাজ করছে ব্যাংক অফ আমেরিকা, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাকস এবং জে.পি. মরগান। তবে কোম্পানির প্রধান তালিকাভুক্তি দক্ষিণ কোরিয়ার সিউল স্টক এক্সচেঞ্জেই বহাল থাকবে।
সূত্র: রয়টার্স
জা.অর্থনীতি/এসআই