Print Date & Time : 08 November 2026 Sunday 12:38 pm

বিজিবির গুলিতে পালালো দুই ভারতীয় চোরাকারবারি

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে দুই চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (১২ জুলাই) ভোর রাতে তলুইগাছা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর রাতে নিয়মিত টহলের সময় তলুইগাছা সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পায় বিজিবি। এ সময় তাদের থামার নির্দেশ দেওয়া হলে তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে নিরাপত্তার স্বার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়লে তারা সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

লে. কর্নেল জানান, ঘটনার পর বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে।
 —জা. অর্থনীতি/এলএটি