Print Date & Time : 07 November 2026 Saturday 10:10 am

টানা বর্ষণে নিউমার্কেটে হাঁটুপানি, বন্ধ কেনাবেচা

image

অনলাইন ডেস্ক: টানা বর্ষণে রাজধানীর নিউমার্কেটে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে মার্কেটের ভেতরে হাঁটুপানি জমে থাকায় অধিকাংশ দোকান খোলা সম্ভব হয়নি। কেনাবেচা বন্ধ রেখে ব্যবসায়ীরা মালামাল নিরাপদ স্থানে সরিয়ে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করেছেন।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরের বিভিন্ন করিডোর ও চলাচলের পথে হাঁটুপানি জমে রয়েছে। বিশেষ করে ফুটপাতসংলগ্ন অস্থায়ী দোকানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাপড়, জুতা, আসবাবসহ বিভিন্ন পণ্য বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই পানি দ্রুত বাড়তে থাকায় অনেকেই দোকান খুলতে পারেননি। অনেক দোকানে পানি ঢুকে মূল্যবান পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতিও ছিল খুবই কম।

ব্যবসায়ী হারুন বলেন, দোকানের ভেতরে পানি উঠে যাওয়ায় ফ্লোরে রাখা মালামাল সরিয়ে নিতে হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ব্যবসায় বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

আরেক ব্যবসায়ী কাউছার বলেন, দোকানের মালামাল রক্ষায় ব্যস্ত সময় কাটছে। পানি কবে নামবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এদিকে নিউমার্কেট-সংলগ্ন সড়কগুলোতেও জলাবদ্ধতার কারণে যান চলাচল কমে গেছে। অনেক পথচারীকে হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দ্রুত পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জা.অর্থনীতি/এসআই