নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে ‘ক্যাটাগরি-ডি’ সুবিধা পুনর্বহালের বিষয়েও সৌদি সহযোগিতা চেয়েছে সরকার।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ.ই. ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়ার সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে। সাক্ষাতকালে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর কথা বিবেচনায় নিয়ে হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে তা তাদের আর্থিক ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের বিশেষ সহযোগিতা কামনা করেন।
এছাড়া বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমানে আবাসনের ক্যাটাগরি-ডি সুবিধা না থাকায় প্রত্যেক হজযাত্রীর খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বাংলাদেশি সাধারণ হজযাত্রীদের স্বার্থে এই সুবিধাটি পুনরায় চালুর জন্য সৌদি কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা চান তিনি।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং হজ ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকারের আন্তরিকতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকার শেষে উভয় পক্ষ হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে একমত প্রকাশ করেন।
—জা. অর্থনীতি/এলএটি