খাগড়াছড়ি প্রতিনিধি: টানা ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বর্ণাল, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) দুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে।
সোমবার (১৩ জুলাই) যামিনীপাড়া জোনের উদ্যোগে তানৈক্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০টি গৃহবন্দি, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন যামিনীপাড়া জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
বিজিবি সূত্রে জানা গেছে, টানা বর্ষণের কারণে যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার বর্ণাল, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের দিনমজুর ও নিম্নআয়ের বহু পরিবার সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছে। ঘর থেকে বের হতে না পারায় তারা তীব্র খাদ্যসংকটে ভোগার পাশাপাশি এলাকায় পানিবাহিত রোগের প্রকোপও লক্ষ্য করা যাচ্ছে।
এই জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় যামিনীপাড়া জোনের একটি বিশেষ মেডিকেল টিম তাইন্দং উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে বর্ণাল, তবলছড়ি ও তাইন্দং এলাকার প্রায় ৪৫০ জন অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম শেষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, "সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় আমরা এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছি। ভারী বর্ষণের কারণে এলাকায় পাহাড়ধস ও পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। দুর্গত অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক ও চিকিৎসাসেবা সহায়তা অব্যাহত থাকবে।"
—জা. অর্থনীতি/এলএটি