অনলাইন ডেস্ক: রাজধানীতে টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে কাঁচাবাজারে বেড়েছে সবজি, কাঁচামরিচ ও ব্রয়লার মুরগির দাম। সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কয়েক দিন আগেও ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া অনেক সবজি এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢ্যাঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজিতে। বেগুন ও করলা মানভেদে ৮০ থেকে ১০০ টাকা এবং ঝিঙা ও চিচিঙা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়, যা দুই দিন আগের তুলনায় ৪০ থেকে ৬০ টাকা বেশি।
সবজির পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ঢাকায় পণ্য পরিবহনে বিলম্ব হচ্ছে। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে। একই কারণে মুরগির সরবরাহেও প্রভাব পড়েছে এবং পরিবহন ব্যয়ও বেড়েছে।
এদিকে বাজারে গিয়ে বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিশেষ করে কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আয় কমে যাওয়ায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
জা.অর্থনীতি/এসআই