Print Date & Time : 08 November 2026 Sunday 02:27 pm

রাজনগরের বন্যার্তদের মাঝে সিলেট রেঞ্জ পুলিশের ত্রাণ বিতরণ

image

মৌলভীবাজার প্রতিনিধি: বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় একামধু মনু নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় তিনি বন্যার্তদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণকালে ডিআইজি ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, "যেকোনো দুর্যোগকালে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের পবিত্র দায়িত্ব ও অঙ্গীকার। বন্যাকবলিত মানুষের প্রয়োজন অনুযায়ী পুলিশের এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, নোবেল চাকমা, আবুল খায়ের এবং রাজনগর থানার পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ দিন বন্যাকবলিত এলাকার বিপুলসংখ্যক অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডালসহ প্রয়োজনীয় শুকনো ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ পুলিশের এমন সময়োপযোগী মানবিক উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। একই সাথে চরাঞ্চলের অন্যান্য দুর্গত এলাকাগুলোতেও এমন সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

—জা. অর্থনীতি/এলএটি