নিজস্ব প্রতিবেদক: দেশের ৫টি নদী পর্যবেক্ষণ স্টেশনে পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে রংপুরে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে তিস্তা নদীর ডালিয়া, সুরমা নদীর ছাতক, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা—এই পাঁচটি স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে। একই সময়ে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
তবে পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর জেলার কাউনিয়া স্টেশনে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এতে এসব নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
—জা. অর্থনীতি/এনজে