Print Date & Time : 08 November 2026 Sunday 04:53 pm

চীনে ভয়াবহ ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৩৪

image

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটের দিকে উজিয়াং নদীর কাছের একটি এলাকায় পাহাড়ের বড় অংশ ধসে পড়ে। এতে আবাসিক ও বাণিজ্যিক এলাকার একটি সড়ক পাথর ও মাটির নিচে চাপা পড়ে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনার পর ৮০০ জনের বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। ধ্বংসস্তূপ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়।

প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে বিপুল পরিমাণ পাথর ও মাটি নিচে নেমে আসছে। ধুলার মেঘের মধ্যে মানুষজন আতঙ্কে ছোটাছুটি করছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটি খাড়া ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি ভূখণ্ডের জন্য পরিচিত। এখনও পাহাড়ের ঢালে বিপজ্জনক পাথর আটকে থাকায় নতুন করে ধসের আশঙ্কা রয়েছে। চীনের সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৫ কোটি ইউয়ান জরুরি তহবিল বরাদ্দ করেছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি ভূ-প্রাকৃতিক ঝুঁকি ও সম্ভাব্য বিপদ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

চংকিংয়ের এই দুর্ঘটনার দুই সপ্তাহেরও কম সময় আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটির নিচে চাপা পড়েন। ওই ঘটনায় ২১ জনের মৃত্যু হয়।

সূত্র: সিএনএ

জা.অর্থনীতি/এসআই