Print Date & Time : 21 October 2026 Wednesday 08:41 pm

গাজায় জানাজা মিছিলে ইসরায়েলের হামলা, নিহত ১৪

image

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন মারা গেছেন একটি জানাজা মিছিলকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায়। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহমদ ইয়াসিন মসজিদের সামনে জানাজা মিছিলে অংশ নেওয়ার জন্য জড়ো হওয়া মানুষের ওপর হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহতরা একজন ফিলিস্তিনির জানাজায় অংশ নিতে জড়ো হয়েছিলেন, যিনি এর আগেই একই এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা মধ্য গাজায় একটি ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের’ লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে হামলায় বেসামরিক মানুষের হতাহতের অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

এর আগে শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি হামলার খবর পাওয়া যায়। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ড্রোন হামলায় এক নারী নিহত হন। আজ-জাওয়াইদা এলাকায় হামলায় আরও একজন নিহত হন এবং কয়েকজন আহত হন। এছাড়া নুসেইরাতের পশ্চিমাঞ্চল, গাজা সিটি ও খান ইউনিসেও হামলায় হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও গাজায় নিয়মিত হামলা অব্যাহত রয়েছে। গাজার বাসিন্দারা অভিযোগ করছেন, আকাশজুড়ে ড্রোনের শব্দ এবং অব্যাহত হামলার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না তারা।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ইসরায়েলি হামলার সংখ্যা বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত মাসে গাজায় ৪০টির বেশি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ধারাবাহিক হামলার মাধ্যমে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

জা.অর্থনীতি/এসআই