Print Date & Time : 08 November 2026 Sunday 10:35 am

নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

image

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেয়া হয়। খবর আনাদোলুর।

দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, ‘মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যেকোনও সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।’ এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ