সিলেট প্রতিনিধি: শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক ভালোবাসা ও যত্নের প্রতি গুরুত্ব আরোপ করে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, "শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মন থাকে একদম পরিষ্কার, কাঁচা মাটির মতো। বড়দের কাজ হলো তাদের সঠিক ভালোবাসা ও শিক্ষা দিয়ে বড় করা। তাহলেই তারা বড় হয়ে একটি সুন্দর, সবুজ ও শান্তির পৃথিবী গড়ে তুলবে।"
বুধবার (২২ জুলাই) দুপুরে ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট পরিদর্শনকালে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, শিশুরা কোনো হিংসা বা বিদ্বেষ বোঝে না, তারা সবাইকে সমান চোখে দেখে। গাছ লাগানো, পশুপাখির সাথে মেলামেশা, খেলাধুলা ও ছবি আঁকার মধ্য দিয়ে তারা একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে।
তিনি মনে করেন, একটি সুন্দর বাগান গড়ে তুলতে যেমন সঠিক পরিচর্যার প্রয়োজন হয়, তেমনি শিশুদের বিকাশ নিশ্চিত করতেও তাদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। তাই শিশুদের বেড়ে ওঠার জন্য পরিবার ও সমাজকে একটি সুন্দর, সুষম ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এসওএস চিলড্রেনস ভিলেজ ন্যাশনাল অফিসের আইসিটি ডিরেক্টর মোহাম্মদ আলী, এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট এর ডেপুটি ডিরেক্টর ও ইনচার্জ মাজহারুল ইসলাম খান, এসওএস সামাজিক কেন্দ্র সিলেটের তানবীর আহমদ সহ পল্লীর কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট এর
ডেপুটি ডিরেক্টর ও ইনচার্জ মাজহারুল ইসলাম খান।
উল্লেখ্য,নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দিনব্যাপী ওসমানীনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং এরই অংশ হিসেবে তিনি এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট পরিদর্শন করেন।
—জা. অর্থনীতি/এলএটি