Print Date & Time : 08 November 2026 Sunday 11:34 am

সীমান্তে আবারও ৮ জনকে পুশইনের চেষ্টা

image

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই তথ্য নিশ্চিত করেন। 

শুক্রবার সকাল ৫টা ১০ মিনিটে প্রাগপুর ইউনিয়নের জয়পুর এলাকায় ১৫২/১-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজিবি জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে অজ্ঞাত আটজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন। বিজিবির টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। এতে বিএসএফের পুশ ইনের চেষ্টা আবারও ব্যর্থ হয়। 

লেফটেন্যান্ট কর্নেল বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এর আগে গত ১২ জুন সকালে শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। সেটাও বিজিবি আটকে দিলে ওই ১২ কয়েকদিন সীমান্তের শুনূরেখায় পাটখেতে অবস্থান করেছিল। পরে তাদেরকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।  

—জা. অর্থনীতি/এলএটি