ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলে ওই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোর ৫টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। এতে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এএইচএ