Print Date & Time : 07 November 2026 Saturday 05:06 am

মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

image

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ব্যাংকিং সেবায় আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ও অযৌক্তিক সার্ভিস চার্জ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) এ-সংক্রান্ত বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

একই সঙ্গে এমএফএস খাতের সার্ভিস চার্জ নিয়ন্ত্রণ, গ্রাহকের স্বার্থ সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও যৌক্তিক সার্ভিস চার্জ নির্ধারণে পৃথক আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব জনস্বার্থে এ-সংক্রান্ত একটি রিট আবেদন করেন।  রিট আবেদনকারী আইনজীবী নিজেই আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন।

রুলে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি