Print Date & Time : 07 November 2026 Saturday 06:16 pm

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন

image

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এতে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী উপ-উপাচার্যের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

দায়িত্ব পাওয়ার পর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং বিশ্বদরবারে এই বিশ্ববিদ্যালয়কে সেই মর্যাদায় পরিচিত করার উদ্দেশ্যে আমি কাজ করে যাব।”

অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক। এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইউট্যাব, ইবি শাখার কার্যনির্বাহী সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, আন্দোলনের শুরুতেই তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং আন্দোলনে অংশ নেওয়ায় প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি