সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পিয়ার আলী গাজী (৮৪) নামের এক বৃদ্ধের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের বসন্তপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ পিয়ার আলী গাজী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের বসন্তপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে যান তিনি। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে গিয়েও তাকে না পেয়ে বিষয়টি বিজিবিকে জানানো হয়।
এরপর বিজিবি, কালিগঞ্জ থানা-পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালান। তবে তার কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ বৃদ্ধের ছেলে আব্দুস সবুর বলেন, তার বাবা বার্ধক্যজনিত কারণে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা সব সময় তাকে নজরে রাখতেন। কীভাবে তিনি সবার অজান্তে নদীতে চলে গেলেন, তা বুঝতে পারেননি।
স্থানীয়দের ধারণা, নদীতে মাছ ধরার সময় তিনি কুমিরের আক্রমণের শিকার হয়ে থাকতে পারেন অথবা অসুস্থ হয়ে নদীর স্রোতে ভেসে গেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
শুক্রবারও খুলনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রাখে।
ওসি জানান, সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। ইতোমধ্যে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সকাল থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। অতিরিক্ত জোয়ার এবং স্রোতের কারণে এক ঘন্টার বিরতি চলছে। বিকালে আবারো উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হবে।
—জা. অর্থনীতি/এলএটি