মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট বালু, ১টি এক্সক্যাভেটর, ৫টি বালু উত্তোলনের মেশিন ও ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসার কুল বরপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে তা ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও মালামাল আইনি প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি