লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে পৃথক বিশেষ অভিযানে ভারতীয় ৫৩ বোতল নেশাজাতীয় ইস্কাপ সিরাপ ও দুটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝাউরানী ও দিঘলটারী বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটে হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় ঝাউরানী বিওপির টহলদল বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ৫৩ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
এর আগে শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলার পাগলা বাজার এলাকায় দিঘলটারী বিওপির টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন চোরাকারবারি ভারতীয় সীমান্ত থেকে দুটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ৫৩ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ২১ হাজার ২০০ টাকা এবং দুটি ভারতীয় গরুর মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের সব ধরনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
—জা.অর্থনীতি/জেআরটি