Print Date & Time : 07 November 2026 Saturday 11:52 am

গুরুতর আহত রাশমিকা মান্দানা, কী হয়েছে অভিনেত্রীর?

image

বিনোদন ডেস্ক: সব ঠিকঠাক ছিল। ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা বিয়ের পর ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছিলেন। চলতি বছরেই অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ককটেল ২’। সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও নতুন একাধিক প্রকল্পের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে সেই ব্যস্ততার মাঝেই শুটিং সেটে গুরুতর চোট পেয়েছেন এই অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এগুলোর একটিতে শুটিংয়ের সময়ই আহত হয়েছেন অভিনেত্রী। আঘাতের ফলে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

বিষয়টি নিয়ে চিকিৎসকরাও একটু অবাক হয়েছেন। তাদের দাবি এরকম চোটের সম্মুখীন সাধারণত ক্রীড়াবিদদের হতে হয়। কেননা, তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে যান। জানা গেছে, রাশমিকাও সিনেমার গল্পের জন্য নাচ এবং অ্যাকশন দৃশ্য করছিলেন। সেটাতেই কঠিন শারীরিক কসরত দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে। 

দুর্ঘটনা কিংবা শারীরিক অবস্থা নিয়ে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেননি রাশমিকা। 

প্রসঙ্গত, এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময়ও তিনি পায়ে আঘাত পেয়েছিলেন। সেই সিনেমাতে তার সহশিল্পী ছিলেন বলিউড অভিনেতা সালমান খান। 

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে, ‘রাণাবলী’ বানাচ্ছেন রাহুল সংকৃত্যন। এতে রাশমিকার সঙ্গী তার বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে, তারা ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো সফল সিনেমা করেছেন। 

—জা. অর্থনীতি/এনএ