Print Date & Time : 08 November 2026 Sunday 10:38 am

বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

image

অনলাইন ডেস্ক: কর্মদিবসের শুরুতেই রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে থাকে যানবাহন।
 
কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব পড়েছে পেছনের সড়কে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

এক যাত্রী বলেন, ‘বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এমন যানজট অনেকটাই এড়ানো সম্ভব।’

ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা বলেন, বাসগুলো যত্রতত্র যাত্রী না তুলে নিয়ম মেনে লেন ধরে চললে এবং ফ্লাইওভারগামী গাড়িগুলো আগে থেকে নির্দিষ্ট লেন অনুসরণ করলে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রীকে এমন ভয়াবহ ভোগান্তির মুখোমুখি হতে হতো না।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন সড়কের দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ির অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। কার্যকর তদারকি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না হলে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি মিলবে না।

—জা.অর্থনীতি/এএইচএ