Print Date & Time : 08 November 2026 Sunday 12:40 pm

ইবিকে জ্ঞান সৃষ্টির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে চাই: মাহদী আমিন

image

ইবি প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে বিএনপির একটা সম্পর্ক রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখানে শুধু নলেজ স্থানান্তর নয়, আমাদের লক্ষ্য নলেজ ক্রিয়েশনের একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা। আমাদের লক্ষ্য একটা চাহিদাসম্পন্ন কারিকুলাম তৈরি করা। যেখানে শিক্ষা হবে ফলাফলভিত্তিক।

শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, শিক্ষা লাভের উদ্দেশ্য হতে হবে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশান তৈরি করা। এমন একটি সিস্টেম যেখানে শিক্ষা হয়ে উঠবে গবেষণা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে স্থানীয় যেসব শিল্প প্রতিষ্ঠান আছে, তার কোলাবোরেশান থাকবে। এখানে অনেক বেশি ইন্টার্নশিপ থাকবে।

তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা বিনির্মাণ করতে চাই, যেখানে বাস্তব জীবনের প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত দক্ষতার উন্নয়ন হবে এবং আগামীর বাংলাদেশের স্বনির্ভরতার, আত্মনির্ভরশীলতার, কর্মসংস্থানের জন্য গ্র্যাজুয়েটরা সেভাবে গড়ে উঠবে। আপনাদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতার সমন্বয় ঘটবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা একটা ব্রেইনিং সার্কুলেশনের ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে তাদের জ্ঞান-গরিমা, গবেষণার মাধ্যমে ঋদ্ধ করবেন, সেখানে আন্তর্জাতিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা সরাসরি কানেক্ট করতে চাই।

তিনি আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদের টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন খুব গুরুত্বপূর্ণ। চলমান চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্সসহ সবকিছুর সমন্বয়ের মূল উদ্দেশ্য দক্ষ মানবসম্পদ তৈরি করা। আমাদের পর্যাপ্ত তারুণ্যের শক্তি রয়েছে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও ইতিবাচক।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বিশেষ অতিথি ছিলেন- উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব আবদুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়শনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ। 

ওরিয়েন্টেশন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

—জা. অর্থনীতি/এনজে