অনলাইন ডেস্ক: ’রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা ভুল ছিল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জ্যেষ্ঠ নেতারা মুখে এক কথা বলে পরদিনই প্রতারণা করছেন বলে অভিযোগ করেন তিনি।
রোববার (০২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির সংলাপে এসব কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদ। ১৬ মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতায় তিনি বলেন, ‘ড. ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার সংস্কারে রাজনৈতিক দলের সহযোগিতা পায়নি। সেই সরকারও সাহসী সংস্কার করতে পারেনি।’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সংলাপে অতিথি ছিলেন কবি ফরহাদ মজহার, সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
অভিজ্ঞতার ঘাটতি ছিল জানিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের আরেকটা ভুল আমি বলব, সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা তো আর জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কখনো রাজনীতি করিনি। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতাম, ফলে ছাত্রসংগঠনগুলো যেমন ছাত্র ইউনিয়ন কীভাবে চিন্তা করে, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির বা অন্যরা কীভাবে চিন্তা করে, সেটা আমরা বুঝি। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকেরাও যে মুখে এক কথা বলে, পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে...। এটা আমাদের জন্য একটা শিক্ষা। শিখলাম পরবর্তী সময়ে আর বিশ্বাস করা যাবে না।’
আসিফ মাহমুদ বলেন, যেহেতু সরকারের অংশ ছিলাম, আত্মসমালোচনার জায়গা রয়েছে। দেখেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে শত শত, হাজার হাজার আন্দোলন হয়েছে। রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করেছে।
অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নিলেও কোনো না কোনো রাজনৈতিক দল তা বন্ধে চাপ প্রয়োগ করত বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পরিবর্তনের আলাপের সময় একটি প্রতিনিধি দল গিয়ে বলল, ’এটা করা যাবে না, এটা করলে এই জটিলতা, ওই জটিলতা। আমরা সহযোগিতা করব না।’ আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের আরও কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল।
—জা.অর্থনীতি/আইবিএম