Print Date & Time : 07 November 2026 Saturday 10:03 am

ভোলাহাটে আগুনে ভস্মীভূত আমের আড়ত

image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি আমের আড়ত ও সংলগ্ন একটি রুটির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবারে (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মান্নু মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আমের আড়তের মালিক কালিনগর গ্রামের আমিনুল ইসলাম (আমিন) অভিযোগ করে বলেন, "পূর্বশত্রুতার জেরে কে বা কারা রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে আমার আড়তে আগুন দিয়েছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আড়ত ও দোকানে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি প্রতিষ্ঠানের যাবতীয় মালামাল ভস্মীভূত হয়ে যায়।

ওসি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কোনো নাশকতা আছে কি না, তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি