Print Date & Time : 08 November 2026 Sunday 07:27 am

দুবাইফেরত যাত্রীর অন্তর্বাসে দেড় কেজি স্বর্ণ

image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দুবাই থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকয়ে আনা প্রায় দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

সোমবার (৩ আগস্ট) দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুষার (৩৩)। আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। পরে কাস্টমস হলে যৌথ অভিযানে তার দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সিআইআইডির আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম জানিয়েছে, অভিযানে সিআইআইডির পাশাপাশি ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস হাউসের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট এবং পাঁচটি স্বর্ণের চুড়িসহ প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম বা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

সিআইআইডি জানায়, বিমানবন্দরের নিরাপত্তা ও নজরদারি এড়াতে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে বিশেষ কৌশলে অন্তর্বাসের ভেতরে লুকিয়ে বাংলাদেশে আনার চেষ্টা করা হয়েছিল। তবে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি থাকায় পাচারের সেই চেষ্টা ব্যর্থ হয়।

স্বর্ণের পাশাপাশি তুষারের পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪, বাংলাদেশ ব্যাংকের এফই সার্কুলার নম্বর-০৬ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা.অর্থনীতি/আইবিএম