Print Date & Time : 08 November 2026 Sunday 02:33 am

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে দুই বছর

image

নিজস্ব প্রতিবেদক:  দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ ১ বছরের পরিবর্তে বাড়িয়ে ২ বছর করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স নিতে বা নবায়ন করতে দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর এইচএসএম ওয়েবসাইটে আবেদন করতে হবে।

নতুন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান নারকোটিক বা মাদকজাতীয় নিয়ন্ত্রিত দ্রব্য ব্যবহার করে, তাদের লাইসেন্স পাওয়ার পর প্রযোজ্য ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নারকোটিক লাইসেন্স নিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকিতে নিয়মিত পরিদর্শনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এসব প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করবেন। পরিদর্শনে কোনো অনিয়ম বা নির্দেশনার ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।

নির্দেশনাটি বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম