Print Date & Time : 08 November 2026 Sunday 05:28 pm

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ

image

কুমিল্লা প্রতিনিধি: প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। পাসের গড় হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই এবার ছেলেদের চেয়ে বাজিমাত করেছে মেয়েরা। এ বছর এই বোর্ড থেকে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

গত বছর (২০২৫) কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। ফলে বিগত বছরের তুলনায় এবার সার্বিক পাসের হার কিছুটা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সামান্য কমেছে।

ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন (ছেলে ৩৭,২০৩ জন এবং মেয়ে ৫৮,১৯৬ জন)। মেয়েদের গড় পাসের হার ৬৬.৮৮ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৬৩.২৪ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা। ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী এবং ৩ হাজার ৯৬৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে এবারও সেরা সাফল্য দেখিয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ (ছেলে ৮১.৬৬%, মেয়ে ৮৩.৭৭%)। অন্যদিকে বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭.৪০ শতাংশ (ছেলে ৫২.৪৪%, মেয়ে ৬৩.৮২%) এবং মানবিক বিভাগে পাসের হার ৫০.৬১ শতাংশ (ছেলে ৪৫.০৫%, মেয়ে ৫২.২৫%)।

এ বছর বোর্ডে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টি, যা গত বছর ছিল ২২টি।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি