Print Date & Time : 07 November 2026 Saturday 08:50 am

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তা ও বিচার দাবিতে মানববন্ধন

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিজ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে রামগড় বাজারে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ২ আগস্ট সকালে পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ী এলাকায় অভিযুক্ত দেলোয়ার হোসেন নিজ বাড়িতে একা পেয়ে পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। স্বজনেরা জানান, পূর্বেও চেতনানাশক দ্রব্য খাইয়ে ওই গৃহবধূকে নির্যাতন করা হতো, যা ভয় ও সামাজিক লজ্জায় তিনি চেপে রেখেছিলেন। ঘটনার দিন আত্মরক্ষার্থে চিৎকার দিয়ে বাবার বাড়ি গিয়ে স্বজনদের বিষয়টি জানালে রামগড় থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তার করে।

মানববন্ধনে ভুক্তভোগীর মা রেজিয়া বেগম অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষের স্বজনেরা রাজনৈতিক প্রভাব দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামিকে জামিনে এনে ভুক্তভোগী পরিবারকে এলাকাছাড়া করার হুমকির কারণে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগীর মামা অভিযোগ করেন, প্রভাব বিস্তার করে মূল ধর্ষণের পরিবর্তে ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে।

তবে স্থানীয় বিএনপি নেতারা দেলোয়ারের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন। পাতাছড়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম ও রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন জানান, দেলোয়ার বিএনপির কেউ নন; বরং ঘটনা জানার পর ভুক্তভোগী পরিবারকে তাঁরাই থানায় আইনি সহায়তার জন্য পাঠিয়েছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, অভিযোগের ভিত্তিতে ৩ আগস্ট অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তাহীনতার সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি