কুমিল্লা প্রতিনিধি: আগামী ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের জন্য পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক বৃহৎ মাদকবিরোধী সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, "মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।"
কুমিল্লাকে মাদকের অন্যতম প্রধান রুট উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে মাদক সিন্ডিকেটগুলো সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিতে জেলা পুলিশ ও প্রশাসন বদ্ধপরিকর। জাজিরা ও কুমিল্লার কোথাও কোনো মাদক কারবারিকে আশ্রয় দেওয়া যাবে না।
অভিযানকে আরও গতিশীল ও কার্যকর করতে জেলার প্রতিটি থানায় একটি করে ‘তথ্যবাক্স’ স্থাপন করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী। সাধারণ মানুষ সেখানে গোপনে মাদক কারবারিদের তথ্য দিতে পারবেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, এটি কোনো একদিনের কর্মসূচি নয়, বরং কুমিল্লার প্রতিটি প্রান্তে এটি একটি ধারাবাহিক সামাজিক আন্দোলন হিসেবে পরিচালিত হবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
—জা. অর্থনীতি/এলএটি