Print Date & Time : 08 November 2026 Sunday 09:58 am

শেরপুরে ১৮ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও ৪টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১৬ হাজার ৩৬০ টাকা। 

সোমবার (১০ আগস্ট) রাতে ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ময়মনসিংহের অধীনস্থ কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে রাতভর এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, শ্রীবরদীর সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু জব্দ করেন বিজিবি সদস্যরা, যার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে সীমান্ত সংলগ্ন চান্দাপাড়া গ্রামে পরিচালিত অপর এক অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল ও গরুর সিজার লিস্ট প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা কাস্টমসে জমা দিয়ে নিলামে বিক্রির পদক্ষেপ নেওয়া হচ্ছে। —জা. অর্থনীতি/এলএটি