Print Date & Time : 24 October 2026 Saturday 05:00 am

‘শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি’ মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে এবার বড় ধাক্কা খেল মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে মামলায় ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা হলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় কী কী পরিবর্তন আনতে হবে প্রতিষ্ঠানটিকে?

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান ‘মেটা’। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক, প্রতিষ্ঠানটিকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছেন। একইসঙ্গে তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি দেওয়া এই রায় আসে মেটার বিরুদ্ধে চলমান মামলার দ্বিতীয় ধাপের শুনানি শেষে। এর আগে, চলতি বছর মার্চে একটি জুরি বোর্ড রায় দিয়েছিল, তরুণদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম নিরাপদ এমন তথ্য দিয়ে মেটা অঙ্গরাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। তখন প্রতিষ্ঠানটিকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ রায়ে বিচারক ব্রায়ান বিডশেইড জানিয়েছেন, জরিমানার ৪২০ মিলিয়ন ডলার তরুণদের চিকিৎসাসেবায় ব্যয় করা হবে। বাকি অর্থ আগামী পাঁচ বছরে সচেতনতা, প্রতিরোধমূলক কার্যক্রম ও স্ক্রিনিং সেবাসহ সংশ্লিষ্ট খাতে ব্যয় হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, মেটাকে প্ল্যাটফর্মের আসক্তি সৃষ্টিকারী ফিচার নিয়ন্ত্রণ, বয়স যাচাই ব্যবস্থা আরও কার্যকর এবং শিশুদের যৌন নিপীড়ন ও শোষণ ঠেকাতে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা, নিরাপদ ব্যবহারের নিয়ম ও অনুপযুক্ত মন্তব্য মোকাবিলার টুল নিয়ে নিয়মিত তথ্য প্রদর্শন করতে হবে। 

এদিকে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে তারা নিয়মিত কাজ করছে। নিউ মেক্সিকোর মামলাটি যুক্তরাষ্ট্রজুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, বিভিন্ন অঙ্গরাজ্য, স্থানীয় সরকার ও স্কুল জেলা সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে একই ধরনের মামলা করছে। এসব মামলার লক্ষ্য, তরুণদের সুরক্ষায় প্ল্যাটফর্মগুলোর কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা।

—জা.অর্থনীতি/জেআরটি