Print Date & Time : 24 October 2026 Saturday 09:31 pm

গ্যাস সংকটে সিলেটে চালকদের বিক্ষোভ

image

সিলেট প্রতিনিধি: সিলেটে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দেওয়ায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও চালকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিশেষ করে সিলেট-তামাবিল মহাসড়কের শিবগঞ্জ এলাকায় ‘সুরমা অটো কেয়ার’ ফিলিং স্টেশনের সামনে শত শত সিএনজি অটোরিকশা ও লেগুনার চালক গাড়ি আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও পাম্প প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

এর আগের দিন বৃহস্পতিবার মধ্যরাতেও খাদিমপাড়া গ্যাস পাম্পে গ্যাস না পেয়ে চালকেরা সড়ক অবরোধ করেন। এতে সিলেট-তামাবিল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শুক্রবার সকাল ৮টায় রেশনিংয়ের নিয়ম মেনে পাম্পগুলো খোলা হলেও গ্যাসের চাপ শূন্যের কোঠায় নেমে আসায় দীর্ঘ অপেক্ষার পরও কোনো গাড়ি গ্যাস পায়নি। দুপুরের মধ্যেই সিলেটের ৫৪টি সিএনজি স্টেশনের বেশিরভাগ কার্যত অকার্যকর হয়ে পড়ে।

চালকদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অবরোধের খবর ছড়িয়ে পড়লে সোবহানীঘাট, দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার এলাকার পাম্পগুলোতেও উত্তেজনা দেখা দেয়। চালকেরা আঞ্চলিক সড়কগুলোতেও বিক্ষোভ করেন।

সিএনজি ও পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘লিমিট দেওয়ার কারণে এমনিতেই সিলেটে চাহিদার দুই-তৃতীয়াংশ গ্যাস পাওয়া যায়। মাসের শেষ দিকে অনেক পাম্প বন্ধ রাখতে হয়।’ গত বুধবার জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ চিঠি দিয়ে লিমিটের ৫০ শতাংশ গ্যাস কম দেওয়ার কথা জানিয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘এটি কোনোভাবেই সহ্য করার মতো নয়।’ এতে অস্থিরতা ও ক্ষোভ বাড়ছে বলেও জানান তিনি।

সিএনজি পেট্রলপাম্প মালিকানাধীন অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসদ আজিম আদনাদ জানান, সিলেটে প্রায় ৫৪টি গ্যাস পাম্প রয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে একে একে বেশিরভাগ পাম্প বন্ধ হয়ে গেছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ চাপ বাড়িয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে গ্যাসের স্বল্প চাপের বিষয়ে গত ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনাল এফএসআরইউতে ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে অস্বাভাবিক হারে গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে সারা দেশের মতো সিলেট অঞ্চলেও স্বল্প চাপ বিরাজ করছে।

জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতিকুর রহমান জানান, এনএলজি টার্মিনালে সমস্যার কারণে সিলেট অঞ্চলে স্বল্প চাপ দেখা দিয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তারা। এ সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। —জা. অর্থনীতি/এলএটি