Print Date & Time : 28 October 2026 Wednesday 08:13 am

বৃষ্টি উপেক্ষা করে ফুটবল উন্মাদনা, সাতক্ষীরায় দর্শকের ঢল

image

সাতক্ষীরা প্রতিনিধি: মুষলধারার বর্ষণ উপেক্ষা করেই জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করতে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে হাজির হয়েছেন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এত বড় ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় অধিবাসীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কলারোয়া উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে শ্যামনগর উপজেলা দল।

সোমবার সকাল থেকেই সাতক্ষীরাজুড়ে টানা বৃষ্টিপাত থাকলেও খেলা দেখার আমেজে কোনো কমতি ছিল না। কেউ ছাতা মাথায় দিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজে গ্যালারিতে অবস্থান নিয়ে প্রিয় দলের খেলা উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, সুগঠিত দেশ ও জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত উর্বর ভূমি উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাঁদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।

—জা. অর্থনীতি/এলএটি