Print Date & Time : 08 November 2026 Sunday 09:36 am

৯ প্রাণহানির পর অভিযান, বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

image

সিলেট প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। গত ৭ আগস্ট ওসমানীনগরে দুর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার ১১ দিন পর সিলেট নগরের কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শুরু হয়ে চলে প্রায় দেড় ঘণ্টা। 

জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ ও বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুর রশীদ।

অভিযানে অনুমোদনহীন স্লিপার বাস পরিচালনার দায়ে পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- লন্ডন এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, প্যারাডাইস এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস ও ৭ আগস্টের দুর্ঘটনায় জড়িত বেঙ্গল পরিবহন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, স্লিপার বাস চলাচলের কোনো অনুমোদন নেই। প্রথম দিনের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এরপরও এসব বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি