Print Date & Time : 08 November 2026 Sunday 06:53 am

‘দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন’

image

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।  চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ এর ইছামতি হলে বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর উদ্যোগে, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সহযোগিতায় South Asian Network on Economic Modeling (SANEM)-এর বাস্তবায়নে ‘Survey of Industries in Bangladesh’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে BIDA এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবির এ কথা বলেন। 

তিনি আরও বলেন, কোন খাতে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে, কোথায় আরও বিনিয়োগ করা দরকার এবং বিনিয়োগকারীদের কী ধরনের সমস্যা হচ্ছে—এ জরিপের মাধ্যমে তা জানা যাবে। এসব তথ্য কাজে লাগিয়ে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি, শিল্পের উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ থাকায় বিদেশী বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন। তবে বিনিয়োগের আলোচনায় দেশের স্বার্থ ঠিকভাবে তুলে ধরতে আমাদের যোগাযোগ ও দর-কষাকষির সক্ষমতা আরও বাড়াতে হবে। এ ক্ষেত্রে গবেষণার গুরুত্বও রয়েছে। উন্নত দেশগুলোতে নীতি ও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গবেষণাকে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশেও গবেষণার কাজে আরও সময় ও গুরুত্ব দিতে হবে। SANEM-এর মতো প্রতিষ্ঠানগুলোর গবেষণা দেশের বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জগুলো বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, পুঁজি কখনো স্থির থাকতে চায় না। বরং সময়ের সঙ্গে তা বাড়তে চায়। পুঁজি যত স্থির থাকবে, অর্থনৈতিক কর্মকাণ্ডও ততটাই সংকুচিত হবে। তাই বিনিয়োগের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই বিনিয়োগকে আরও কার্যকর ও নিরাপদ করতে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন, সেই পথ আমাদের খুঁজে বের করতে হবে। গবেষণার মাধ্যমে সম্ভাবনা ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলে, সেখান থেকে কার্যকর নীতি গ্রহণ করা সম্ভব হবে।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট  আবিদা মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন, বাণিজ্যিক রাজধানী ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে চট্টগ্রামের জন্য এ জরিপের গুরুত্ব অনেক। শিল্প, কৃষি, পর্যটনসহ বিভিন্ন খাতে এ অঞ্চলের সম্ভাবনাগুলো সঠিকভাবে চিহ্নিত ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা গেলে ভবিষ্যতে পরিকল্পিত বিনিয়োগ ও শিল্পায়নের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের বিনিয়োগ, ব্যবসার পরিধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জগুলো জরিপে উঠে আসা প্রয়োজন। এসব তথ্যের ভিত্তিতে নারী উদ্যোক্তাবান্ধব নীতি প্রণয়ন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে গ্রহণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

অনুষ্ঠানে ADB-এর Country Economist ড. চন্দন সাপকোটা, SANEM-এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান এবং SANEM-এর প্রোগ্রাম পরিচালক মো. জুবায়ের হোসেন বক্তব্য রাখেন। কারিগরি সেশনে বক্তব্য রাখেন BIDA-এর পরিচালক (ডেপুটি সেক্রেটারি) ড. মো. হুমায়ুন কবির খান, পরিচালক (ডেপুটি সেক্রেটারি) মিস. মোছা. শামিমা আক্তার এবং ডেপুটি পরিচালক মো. ফাইজুর রাব্বী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, CWCCI এর পরিচালক সাভিনা ইকরাম সিরাজি, নুর আক্তার জাহান, নূজহাত নূয়েরি কৃষ্টি, নাসরিন সুলতানা চৌধুরী, সারিস্ত বিনতে নুর, চৌধুরী জুবাইরা সাকি, সদস্য সিতারা রহমান ও BIDA, ADB এবং SANEM-এর সম্মানিত প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর ও নিয়ন্ত্রক সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প উদ্যোক্তাবৃন্দ, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাবৃন্দ।

—জা.অর্থনীতি/আরএস