Print Date & Time : 07 November 2026 Saturday 02:28 pm

প্রেমিককে ‘গোপন ছবি’ পাঠানো সেই ছাত্রী হল থেকে স্থায়ী বহিষ্কার

image

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ আবাসিক হলে সহপাঠী ও রুমমেটদের ‘ব্যক্তিগত ছবি’ তুলে প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোবাউল জান্নাতী ঐশী।

মঙ্গলবার (১৮ আগস্ট) জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

হল প্রভোস্ট জানান, ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই হলের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৬ আগস্ট কমিটি প্রতিবেদন জমা দেয়। গতকাল (১৭ আগস্ট) হল বডি বসে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছে। ওই সময় ঐশীর বাবা-মা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবেদনের সুপারিশক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা এবং অপরটি হচ্ছে, ভুক্তভোগীদের তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব মেয়েটির পিতামাতা নেবেন। সেই নিশ্চয়তা দিয়ে মেয়ে ও তাঁর মা-বাবা বন্ডে (চুক্তি) স্বাক্ষর করেছেন।

এর আগে অভিযুক্ত শিক্ষার্থী (ঐশী) হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাঁদের অনুমতি ছাড়াই আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির (প্রেমিক) কাছে পাঠাতেন। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। এরপর হলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। গত ৭ আগস্ট বিষয়টি জানাজানি হলে হল ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হন। জরুরি সভা ডেকে সংশ্লিষ্ট ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ।

—জা.অর্থনীতি/জেআরটি