Print Date & Time : 07 November 2026 Saturday 05:47 am

কুমিল্লায় এআই ক্যামেরা চুরির চেষ্টা, আটক ১

image

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বসানো একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা চুরির প্রস্তুতির সময় মো. ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহীনুর আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। ফারুক দাউদকান্দি উপজেলার মালিখিল হাজিবাড়ি এলাকার ধানু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, স্থানীয়রা তাকে চুরির চেষ্টা চালাতে দেখে হাতেনাতে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এসপি জানান, দাউদকান্দি থানায় মামলা দায়েরের পর আটক ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ২৫০ কিলোমিটার এলাকা জুড়ে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা বসানো হয়েছে, যা দ্রুত গতি বা ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। রাষ্ট্রীয় এই সম্পদ রক্ষায় সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
 —জা. অর্থনীতি/এলএটি