Print Date & Time : 08 November 2026 Sunday 01:56 am

পূর্বাচলে চোখ-মুখ বাঁধা অপহৃত চিকিৎসককে উদ্ধার

image

অনলাইন ডেস্ক: রাজধানীর পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় হাসিবুর হাসান নামে এক অপহৃত চিকিৎসককে (৪৩) উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টর থেকে তাকে উদ্ধার করে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার ভিডিপি গার্ডের একটি টহল দল।

আনসার ভিডিপি এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি এলাকার মাস্টার ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার উদ্দেশে কুড়িল বিশ্বরোডে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে এক চালক তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে ওঠার পরপরই ভেতরে থাকা সংঘবদ্ধ অপরাধী চক্রটি তার ওপর চড়াও হয় এবং জোরপূর্বক তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে।

আনসার ভিডিপি আরো জানিয়েছে, পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
 
পরে রাতে তাকে পূর্বাচলের নির্জন জঙ্গলে ওই অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। ওই সময় এলাকাটিতে রাতে টহল ডিউটিতে ছিলেন রাজউক আনসার ভিডিপি গার্ডের একটি দল। তারা ঝোপঝাড়ের ভেতর থেকে এক ব্যক্তির গোঙানির শব্দ শুনতে পেয়ে সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই চিকিৎসককে উদ্ধার করেন।

—জা. অর্থনীতি/এএইচএ