কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শিশু ধর্ষণের অভিযোগ, নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জজ মিয়া (৫৫) নামে বিএনপির এক নেতাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। জজ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া গ্রামের আ. গফুরের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এমপির অনুমোদনক্রমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর আসনের এমপি মাজহারুল ইসলাম বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন।
দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জজ মিয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতেও নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৩ আগস্ট এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে জজ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ১৫ আগস্ট কুলিয়ারচর থানায় মামলা করেন। মামলা নম্বর ১০।
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
—জা. অর্থনীতি/এলএটি