মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে বিএসআরএম কারখানা থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া রডের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট জোরারগঞ্জস্থ বিএসআরএম কারখানা থেকে ১৩ টন রড নিয়ে একটি ট্রাক সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হয়। পরে জোরারগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে। অভিযানের অংশ হিসেবে গত বুধবার বারইয়ারহাট এলাকা থেকে মো. রিয়াদ হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লা এবং পরবর্তীতে মাগুরার মহম্মদপুর থেকে আবুল বাশার ওরফে বাঁশিকে গ্রেপ্তার করা হয়। পরে বাশারের দেওয়া তথ্যে মহম্মদপুর বাজারের ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকে চুরি যাওয়া রড উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি