বিনোদন ডেস্কঃ বলিউডে প্রথমবারের মতো একসাথে পর্দায় দেখা যেতে পারে সাইফ আলি খান ও কিয়ারা আদভানিকে। পিঙ্কভিলার এক প্রতিবেদন মতে, অতিপ্রাকৃত উপাদানসমৃদ্ধ একটি ভৌতিক-থ্রিলার সিনেমায় অভিনয় করবেন তারা।
সিনেমাটির নির্মাণের দায়িত্বে থাকছেন চিত্রনাট্যকার কনিকা ঢিলন। এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বছরের শেষ দিকে শুরু হতে পারে সিনেমাটির শুটিং।
সিনেমাটির ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, সাইফ ও কিয়ারাকে মাথায় রেখেই গল্প ও চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। গল্পে থাকবে থ্রিলারের পাশাপাশি অতিপ্রাকৃত উপাদান। ফলে দুই তারকার এই নতুন জুটি দর্শকদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চিত্রনাট্যকার হিসেবে এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন কনিকা ঢিলন।
‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’র মতো সিনেমার গল্প ও চিত্রনাট্যের সাথে যুক্ত ছিলেন তিনি।
এবার লেখার পাশাপাশি ক্যামেরার পেছনে পরিচালকের আসনে বসতে যাচ্ছেন কনিকা। আর তার প্রথম সিনেমাতেই সাইফ আলি খান ও কিয়ারা আদভানির মতো দুই তারকার উপস্থিতি এরই মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি করেছে।
—জা.অর্থনীতি/এসআরএস