Print Date & Time : 08 November 2026 Sunday 01:12 pm

সিলেটে ট্রিপল মার্ডার: দায় স্বীকার করে আদালতে বাবুলের জবানবন্দি

image

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি বাবুল মিয়া। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় চারদিনের রিমাণ্ড শেষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তিনি এই জবানবন্দী দেন।

সিলেটের কোর্ট ইনস্পেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় বাবুলকে আদালতে তোলা হলে সে জবানবন্দি দিতে সম্মতি জানায়। পরে বিচারক সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তার বক্তব্য রেকর্ড করেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে রায় নগরের নিজ বাসায় ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫) খুন হন। ঘটনার দিন বিকেলে পুলিশ রাজবাড়ী এলাকা থেকে বাবুল মিয়াকে (৪০) গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে সম্পর্কের জেরে ঘটনার দিন ওই বাড়িতে প্রবেশ করে বাবুল। একপর্যায়ে তাহমিনাসহ বাধা দিতে আসা গৃহকর্তা ও তার স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে সে। পরদিন বাবুলের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১৪ আগস্ট নিহত দম্পতির প্রবাসী মেয়ে সেলিনা সুলতানা অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ১৬ আগস্ট বাবুলকে ১০ দিনের রিমান্ড আবেদন সহ আদালতে পাঠালে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বারের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি