কুষ্টিয়া প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের ৪ জনের মরদেহের সৎকার ও দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) রাত ১টার পরে কুষ্টিয়া মহাশ্মশানে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত ও তার ছেলে শর্ণশীষ দত্তের সংকার করা হয়। এ সময় স্বজন, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম আলীর দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুন: রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ কুষ্টিয়ায় নিজ বাড়িতে পৌঁছায়।
সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে শর্ণশীষ দত্তের কফিন আড়ুয়াপাড়ার বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। কান্নায় ভেঙে পড়েন দেবাশীষের মা-বাবা, স্বজন, এলাকাবাসীসহ গণমাধ্যমকর্মীরা। শতশত মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ নিজ বাড়ি শহরের থানাপাড়ার বাসায় পৌঁছালে সেখানেও পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা দেবাশীষের অসহায় শিশু মেয়ে ও বাবা-মায়ের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন গণমাধ্যমকর্মীরা।
আরও পড়ুন: ওসমানীনগরে ফের সড়কে নিভল ৪ প্রাণ
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা নিহত হন। সব প্রক্রিয়া শেষে ৪ দিন পর দেশে আসে নিহতদের মরদেহ। এর আগে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ৩ আগস্ট দেবাশীষ দত্ত পরিবার নিয়ে ভারতে গিয়েছিলেন।
—জা.অর্থনীতি/এনজে